ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৬:১৯ এএম

আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা শহরসংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালক দিদার হোসেন শেখ (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার ওপরে তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। ওই সময় গাড়ির চালকের আসনে বসে ছিলেন দিদার। পরে গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় দিদারকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর-কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন। তাঁর অভিযোগ, পেট্রোল পাম্পের অভ্যন্তরে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের কথা থাকলেও সেখানে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, হাইলাকান্দি পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে দিদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। দুর্ঘটনার সময় দিদারের ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনিও বিদ্যুতের সংস্পর্শে এলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত