নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ১:০৪ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত