সর্বশেষ
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১১৪ যাত্রী জীবিত উদ্ধার গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি প্রেমিকাকে গলা কেটে হত্যা, বস্তায় ভরে পাহাড়ে ফেলার পথে রক্তের ফোঁটায় ধরা যুবক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী শেভরন ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষ, আহত ৩৫ ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের সামনে হাজারো মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ১২:৩০ পিএম

দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের সামনে হাজারো মানুষের বিক্ষোভ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ জব্দের আইন পাসের দাবিতে সংসদ ভবনের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পার্লামেন্ট ভবনের প্রধান ফটকের বাইরে এ বিক্ষোভ শুরু হয়। গত বছর সরকারবিরোধী বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেওয়ার এক বছর পূর্তিতে কর্মসূচিটির আয়োজন করা হয়। ২০২৫ সালের ওই সহিংসতায় প্রায় ১০ জন নিহত এবং প্রায় ৭ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভ ঘিরে জাকার্তায় ১৮ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উসকানিদাতা’ সন্দেহে বিক্ষোভের আগেই ৬৫ জনকে আটক করা হয়েছিল। নিরাপত্তার কারণে পার্লামেন্ট ভবনের প্রধান ফটকও বন্ধ রাখা হয়।

দিনের শুরুতে পরিস্থিতি শান্ত থাকলেও রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন বিক্ষোভকারী পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশের একটি পোস্ট ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আহত কয়েকজনকে স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

শুধু জাকার্তায় নয়, দেশের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। যোগাকার্তা ও মাকাসারে শিক্ষার্থীরা মিছিল করেন।

সম্পদ জব্দের আইন পাসের দাবি

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের জব্দ করার ক্ষমতা নিশ্চিত করতে একটি বিল দ্রুত পাস করা। বিলটি ২০০৮ সালে পার্লামেন্টে উত্থাপন করা হলেও প্রায় দুই দশকেও তা আইনে পরিণত হয়নি।

বিক্ষোভকারীদের দাবি, আইনটি পাস হলে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া সহজ হবে এবং দুর্নীতিবিরোধী ব্যবস্থা আরও কার্যকর হবে। সমাবেশে কয়েকজন দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের দাবিও জানান।

বিক্ষোভের মধ্যেই ‘ইউনাইটেড পাতি কমিউনিটি অ্যালায়েন্স’-এর প্রতিনিধিদের সঙ্গে কয়েকজন আইনপ্রণেতা বৈঠক করেন। সংগঠনটির নেতা সোপ্রিয়ানো জানান, আইনপ্রণেতারা প্রতিশ্রুতি দিয়েছেন—আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দুর্নীতিবিরোধী বিলটি পাস না হলে তারা পদত্যাগ করবেন। তবে আইনপ্রণেতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

খাবার কর্মসূচি ও সামরিকীকরণ নিয়েও ক্ষোভ

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। দুর্নীতির পাশাপাশি সরকারের বিনা মূল্যের স্কুল খাবার কর্মসূচি নিয়েও আপত্তি জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কর্মসূচিতে বারবার খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটছে এবং এর বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা কর্মসূচিটি বাতিলের দাবি জানান। পাশাপাশি খাবারের দাম কমানো এবং সমাজে ‘সামরিকীকরণ’ বন্ধের দাবিও তোলেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী প্রতিনিধি রয়টার্সকে বলেন, গত বছরের সহিংসতার স্মরণে ২৭ আগস্টকে বিক্ষোভের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে গত বছরের মতো সহিংস পরিস্থিতি তারা চান না; শান্তিপূর্ণভাবেই সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে চান।

ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তামন্ত্রী জামারি চানিয়াগো বলেন, বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের উদ্দেশ্য বিক্ষোভ দমন নয়। বিক্ষোভকারীরা যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে পারেন, সেটিই নিশ্চিত করা হবে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com