নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২৯ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’-এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি দর্জির দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি ব্যবসায়ীরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত