ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ৬:১০ এএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। রানওয়ের বাইরে গিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে অ্যামাজনের প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে ছাড়িয়ে পাশের এলাকায় চলে যায় এবং কয়েকটি গাড়িতে আঘাত করে।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট অংশ নেয়। দুর্ঘটনার পর বিমানটির দুই পাইলটও কিছু সময় ককপিটে আটকে ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক বিলম্ব ও বাতিলের আশঙ্কা তৈরি হয়। পরে কয়েকটি রানওয়ে আবার চালু করা হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। বিমানটি অ্যামাজনের হলেও পরিচালনার দায়িত্বে ছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে অ্যামাজনও।
এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত