ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৪ এএম

ভিয়েতনামের নান্দনিক শহর না ট্রাংয়ে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে শেষ হাসি হেসেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। তাঁর মাথায় উঠেছে এবারের বিশ্বসুন্দরীর কাঙ্ক্ষিত মুকুট।
গ্র্যান্ড ফাইনালের মঞ্চে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরি মোলার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেনেস। দ্বিতীয় রানার-আপের খেতাব পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।
খান হোয়া প্রদেশের না ট্রাংয়ে আয়োজিত এই জমকালো আসরে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের মেধা, ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি ও মানবসেবামূলক কর্মকাণ্ডও গুরুত্ব পেয়েছে।
চূড়ান্ত লড়াইয়ে সেরা ছয়
বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত ছয়ে জায়গা করে নেন ছয় অঞ্চলের প্রতিনিধিরা। তারা হলেন—ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, স্পেনের এলিসাবেথ রেনেস, মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।
প্রথমে বিভিন্ন চ্যালেঞ্জের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ ৪০ প্রতিযোগী নির্বাচন করা হয়। এরপর শীর্ষ ২০ ও শীর্ষ ১২ পেরিয়ে চূড়ান্ত ছয়ে পৌঁছান প্রতিযোগীরা। সবশেষে সেখান থেকেই বেছে নেওয়া হয় বিজয়ী ও দুই রানার-আপকে।
মিস ওয়ার্ল্ডের দীর্ঘ ঐতিহ্য
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মরলির হাত ধরে শুরু হয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত এই আয়োজনে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব, সাক্ষাৎকার, উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান এবং মানবসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়।
এবারের আসরে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ প্রথমবারের মতো অংশ নেয়। তবে ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি।
এবারের আয়োজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আসরের আয়োজক দেশের নামও ঘোষণা করা হয়েছে। আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।
সূত্র: এনডিটিভি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত