ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৩০ এএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে রাত ১০টার পর ফোন থেকে পুরোপুরি দূরে থাকেন এই অভিনেত্রী। এমনকি এ সময় তাকে ফোনেও পাওয়া যায় না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান প্রভা।
অভিনেত্রী বলেন, রাত ১০টার পর পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, তিনি ফোন বন্ধ রাখেন। ফোনটি নিজের কাছ থেকেও দূরে সরিয়ে রাখেন। প্রভার ভাষায়, ‘আমাকে রাত ১০টার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’
প্রভার এমন অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদেরও থাকে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া।
এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেছেন প্রভা। শিশুদের সাজসজ্জার প্রতি আগ্রহ নিয়ে একটি ভিডিওর ক্যাপশনে নিজের ছোটবেলার কথা স্মরণ করেন তিনি।
প্রভা লেখেন, ‘আমিও একসময় ওদের মতোই বড় মেয়েদের মেকআপ আর নানা ধরনের সাজসজ্জার জিনিসপত্র নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে হাজারো প্রশ্ন করতাম। এই দুই শিশুকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়—তখন আমিও সবসময় মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে চাইতাম।’
শৈশবের স্মৃতিচারণের পাশাপাশি নিজের সাজসজ্জাপ্রিয় ছোটবেলার কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত