ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২৯ এএম

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর বসতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এ উৎসবের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
উৎসবে শর্টফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই চারটি বিভাগে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিভিন্ন বিভাগে সেরা চলচ্চিত্র ও নির্মাতাদের জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থাও।
ফেস্টিভ্যাল-২০২৬-এর আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, ‘আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যে সাড়া পেয়েছি, সেই ধারাবাহিকতা ধরে সামনে এগিয়ে যেতে চাই।’
তিনি জানান, এবারের উৎসবের জুরি বোর্ডে থাকছেন অভিজ্ঞ ব্যক্তিরা। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর খায়ের।
উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই ইতিহাসকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের কাজের যথাযথ মূল্যায়ন করাই উৎসবের অন্যতম লক্ষ্য।
তিনি বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্রগুলো উৎসবে জমা দেওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। mov অথবা mp4 ফরম্যাটে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। ড্রাইভ লিংক পাঠানো যাবে submit@nybanglaff.org ই-মেইল ঠিকানায়। পাশাপাশি FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
আহ্বায়ক অলিভ আহমেদ জানান, আগামী বছরের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উৎসবটি। শিগগিরই ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু জানানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। দ্বিতীয় আসরটি আয়োজন করবে রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট। এতে যৌথ সহযোগিতায় রয়েছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সার্বিক সহযোগিতা করবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত