ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৫ এএম

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার পড়ল বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদেও। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
বিএসইসিকে দেওয়া চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সালমান এফ রহমান সম্মতি দিয়েছেন। তার পদত্যাগের পর নতুন করে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা করা হয়েছে। এভাবে পর্ষদ পুনর্গঠনের বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কোম্পানির ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বেক্সিমকো যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়েই সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও সিদ্ধান্তের অন্যতম কারণ।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিদেশি তালিকাভুক্তির কারণে বাড়তি যাচাই
বেক্সিমকো ফার্মা শুধু বাংলাদেশের শেয়ারবাজারেই তালিকাভুক্ত নয়, লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) রয়েছে। ফলে নতুন পরিচালকদের নিয়োগের ক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়মও অনুসরণ করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছে, নতুন পরিচালক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে। এই প্রক্রিয়া শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
জানা গেছে, ব্যবসার স্বার্থে সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও একমত হয়েছেন।
তবে পর্ষদ পুনর্গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালক করার প্রস্তাব দিয়েছিল বিএসইসি। এতে বিদেশি বিনিয়োগকারীরা সম্মতি দেননি।
ফলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
ব্যবসা ও শেয়ারবাজারে আস্থা ফেরানোর প্রত্যাশা
শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের অন্যতম ভালো কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কোম্পানিটির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের ধারণা, সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়ালে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ ফিরতে পারে। পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের হাতে রয়েছে কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার। উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমানও রয়েছেন। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত