নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৬ এএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।
এর আগে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পর সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে রাতে ময়মনসিংহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির জানান, নিহত চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় হতাহতের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত