ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৭ পিএম

ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি।
সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ কর্মসূচি বিস্তারিত জানানো হবে। আমরা সম্ভবত ২১ তারিখ রওনা হবো এবং ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে থাকব।’
প্রধানমন্ত্রীর সফরকে ব্যস্ততাপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভিশন তুলে ধরবেন। নতুন বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যেতে চান এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কী—তা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।
হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ আজ গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সরকারে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, সে বিষয়ে তার ভিশন জাতিসংঘে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নেবেন।’
তিনি জানান, বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই সমাধান এবং সংঘাত নিরসনে বাংলাদেশের ভূমিকার বিষয়ও প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা তৈরি, বিভিন্ন নীতিগত উদ্যোগ, জলবায়ু নিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও ভাষণে উঠে আসতে পারে।
সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে কার কার সঙ্গে বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয়। তাই প্রধানমন্ত্রীর বৈঠকের তালিকা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত