ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৭ এএম

সংগৃহীত ছবি
ফুটবলে ৮৭ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদোর দলটির দখলে।
২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে এই রেকর্ডযাত্রা শুরু করে আল নাসর। এরপর সৌদি প্রো লিগে টানা প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলে টানা ৯৩ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসায় আল নাসর। পরের ম্যাচেই সেই রেকর্ড নিজেদের করে নেয় তারা।
আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা গোল করার সংখ্যা ৯৪ ম্যাচে পৌঁছে যায়। এর ফলে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের রেকর্ড ভেঙে যায়।
রিভার প্লেটের সেই ঐতিহাসিক দলটি ‘লা মাকিনা’ নামে পরিচিত ছিল। দলটির হয়ে খেলেছেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। ৯৩ ম্যাচের ওই ধারায় রিভার প্লেট মোট ৩০১টি গোল করেছিল।
দীর্ঘ ৮৭ বছর পর সেই রেকর্ড ভাঙার অভিযানে আল নাসরের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোনালদো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগে বড় ভূমিকা রেখে চলেছেন পর্তুগিজ এই তারকা। রেকর্ড স্পর্শ করার আগের ম্যাচে আবহার বিপক্ষেও তাঁর গোল ছিল এই ধারাবাহিকতার অংশ।
তবে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত রয়েছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি।
ওই ৯৬ ম্যাচের মধ্যে ৯৩টি ছিল লিগের ম্যাচ। বাকি তিনটি ম্যাচ ছিল কাপ প্রতিযোগিতার—পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি।
ফলে ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার রেকর্ড এখনো রিভার প্লেটের দখলেই। তবে শুধু লিগের হিসাব ধরলে ৮৭ বছর পর ইতিহাসের পাতায় নতুন রেকর্ডের মালিক হলো রোনালদোর আল নাসর।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত