নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৬:৪৫ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তাহমিনা উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বর গ্রামের ওসমান মিয়ার মেয়ে। প্রায় সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে।
নিহতের বাবা ওসমান মিয়া অভিযোগ করেন, বিদেশ যাওয়ার জন্য তাহির মিয়া দীর্ঘদিন ধরে তার মেয়ের কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় তাহমিনাকে নির্যাতন করা হতো। তার দাবি, তাহমিনার স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা তাকে শ্বাসরোধে হত্যা করেছেন।
তাহমিনার ভাই আলমগীর মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে তাহমিনার স্বামীর বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তিনি অসুস্থ। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাহমিনার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়িতে তার স্বামী, শাশুড়িসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর তাহমিনার স্বামী তাহির মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আবার আত্মহত্যার কথাও বলা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত