নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৫:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে চান্দুরা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ওই এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেন। সেখানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে আন্দোলনকারীদের দাবি, মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ওপর শুক্রবার রাতে হামলা ও হুমকির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সকালে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এতে নারী, শিশু ও অসুস্থ রোগীসহ বিভিন্ন শ্রেণির যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”
পরে দুপুর সাড়ে ১টার দিকে প্রশাসন, পুলিশ এবং ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান ঘটনাস্থলে পৌঁছান। তারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত