সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন, ৩০ বছর পর মুখ খুললেন সালমানের মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ১:০০ পিএম

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন, ৩০ বছর পর মুখ খুললেন সালমানের মা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সিনেমার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না, এ প্রশ্নও বারবার সামনে এসেছে। এবার সেই পুরোনো আলোচনায় নতুন করে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক প্রসঙ্গেও মন্তব্য করেন নীলা চৌধুরী।

তার দাবি, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সালমান বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন।

নীলা চৌধুরী বলেন, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন। সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। তবে কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।

অবশ্য শাবনূর বরাবরই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। তাদের বন্ধুত্বকে কেন্দ্র করে কিছু মানুষ ও গণমাধ্যম মুখরোচক গল্প তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে তার জুটি গড়ে ওঠে। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসাসফল সিনেমায় এই জুটি দর্শকদের মুগ্ধ করেন। তাদের অভিনয় ও রসায়ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও স্মরণীয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। প্রায় তিন দশক পর নীলা চৌধুরীর বক্তব্যে সালমান-শাবনূরের সম্পর্কের সেই পুরোনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com