সর্বশেষ
ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৮৭ রানের জয় ব্রডগেজ সম্প্রসারণের পর পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩ টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১২:৫১ পিএম

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট

ফাইল ছবি

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে ছিলেন।

এর আগে গত সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শাফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

যেভাবে ঘটে আছিয়ার সঙ্গে নির্মমতা

গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। রমজানের ছুটিতে সেখানে গিয়েছিল সে। মামলার অভিযোগ অনুযায়ী, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।

১৩ কার্যদিবসে শেষ হয় বিচার

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলায় ২৯ জন সাক্ষ্য দেন।

গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) এবং মা জাহেদা বেগম (৪০)—খালাস পান।

হাইকোর্টে ডেথ রেফারেন্স

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো আদালত মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ মে এ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য সোমবার দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন আগামী ৩১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com