সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২ চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা অস্ত্রের ঘাটতি মেটাতে ২৪.৪ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ৪:৩৪ পিএম

চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী

চীনের জ্বালানি পণ্য রপ্তানি স্থগিত এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ও আরও ১০ হাজার সেনা পাঠানোর খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৪ ডলারের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়ে যায়। এতে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৩৭ শতাংশ বা ৪ দশমিক ২৮ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২ দশমিক ৭১ শতাংশ বা ২ দশমিক ৪৫ ডলার বেড়ে ৯২ দশমিক ৮৭ ডলারে উঠেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী ও আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে তিনি বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন। তাঁর ভাষায়, ‘এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় একটি অত্যন্ত ন্যায্য চুক্তিতে সই করবে, নয়তো তাদের আর অস্তিত্বই থাকবে না।’

ট্রাম্পের এই বক্তব্যের পাশাপাশি চীনের জ্বালানি পণ্য রপ্তানি স্থগিতের খবরে বাজারে অস্থিরতা বাড়ে। যদিও লেনদেনের শুরুতে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল, পরে দ্রুত ঘুরে দাঁড়ায় বাজার।

রয়টার্স চারটি সূত্রের বরাতে জানিয়েছে, চীনের শোধনাগারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হংকং ও ম্যাকাওয়ের বাইরে প্রক্রিয়াজাত তেল ও জ্বালানি পণ্য রপ্তানি স্থগিত করেছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউ নোভোর মতে, চীনের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানি পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে চীনের অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত কমে যাওয়ার পর এই পদক্ষেপে দেশটির তেল আমদানি বাড়বে কি না, তা এখনই নিশ্চিত নয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ অব্যাহত থাকলেও উপসাগরীয় অঞ্চল ও রাশিয়ায় শোধনাগার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিজেলসহ পরিশোধিত জ্বালানি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। রাশিয়া অক্টোবর মাসজুড়ে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করায় সংকট আরও তীব্র হয়েছে। শিল্পসংশ্লিষ্টদের ধারণা, আগামী বছরের আগে এই ঘাটতি কাটার সম্ভাবনা কম।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে না তাঁর দেশ।

ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, চীনের রপ্তানি স্থগিতের প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের পরিশোধিত জ্বালানি রপ্তানি বন্ধ হওয়ার মতো বড় নাও হতে পারে। তবে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতির মধ্যে এই সিদ্ধান্ত বাড়তি চাপ তৈরি করবে।

পরিস্থিতি সামাল দিতে জরুরি ডিজেল মজুত ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি টাস্কফোর্স। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই ইইউ কূটনীতিক।

এদিকে, তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেল মজুত ব্যবহারের অনুরোধ জানিয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার সম্ভাবনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক সময়ে মন্থর হয়ে পড়েছে। জাহাজ চলাচলবিষয়ক গোয়েন্দা সংস্থা মারিস্কসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত প্রক্ষেপকের আঘাতে লাইবেরিয়ার পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র বড় পরিসরে আবার হামলা শুরু করলে আরও বিস্তৃত ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে দেশটি। যদিও ইরানি কর্মকর্তাদের একাংশ ব্যক্তিগতভাবে মনে করছেন, এই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কম।

দীর্ঘস্থায়ী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্লেষকেরা ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের গড় দামের পূর্বাভাস বাড়িয়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ০৫ ডলার করেছেন। তবে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে ধীরে ধীরে উন্নতির লক্ষণও দেখা যাচ্ছে।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু হওয়ার পর মঙ্গলবার ইয়ানবু বন্দর থেকে তেলবাহী ট্যাংকারে তেল তোলা আবার শুরু হয়েছে। অন্যদিকে, গোল্ডম্যান স্যাকসের হিসাবে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি গত সপ্তাহে দৈনিক ২ কোটি ৩৩ লাখ ব্যারেলে পৌঁছেছে।

অবস্থান শনাক্তকারী যন্ত্র বন্ধ রেখে পরিচালিত জাহাজের মাধ্যমে গোপনে রপ্তানি করা তেলও এই হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। সেপ্টেম্বরে রপ্তানি দ্বিগুণ হওয়ায় সরবরাহ ২০২৫ সালের গড় পরিমাণের কাছাকাছি ফিরেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com