নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ৪:১২ পিএম

সংগৃহীত ছবি
সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের নবযাত্রা ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আলোচনার দিন-তারিখ ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, বিরোধী দলগুলোর পক্ষ থেকে কমিটির জন্য পাঁচটি নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, তারা দ্রুত নাম পাঠাবে। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি লিখিতভাবে দেওয়া পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংবিধান সংস্কারের পথে কোনো বড় চ্যালেঞ্জ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নয়, জনগণের প্রত্যাশা হিসেবে দেখছে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই কমিটির লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের মতামতও নেওয়া হবে। আলোচনার জন্য নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা হচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’-এর বিষয়গুলো, নোট অব ডিসেন্ট থাকা প্রস্তাব এবং সরকারি দলের নির্বাচনী ইশতেহারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে সর্বজনগ্রাহ্য একটি সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরি করা হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত