এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৪:২৬ পিএম

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫%

ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশীয় পয়েন্ট।

এদিকে, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। এবার এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৩৪২ জন।

যেভাবে জানা যাবে ফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

ফলাফল পাওয়া যাবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে। এজন্য যেকোনো মোবাইল নম্বর থেকে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com