সর্বশেষ
সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৬:৫৭ এএম

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবারও (১১ আগস্ট) ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরায় মারা গেছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে নিহত হয়েছেন ৯৫ জন।

উদ্ধারকর্মীরা ক্রেন, খননযন্ত্র ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। আটকে পড়া কারও বেঁচে থাকার শব্দ শোনা যায় কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজের সময় সবাইকে নীরব থাকার অনুরোধ করা হচ্ছে।

চলতি শতকে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাপার্টমেন্ট ভবন, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে বেশ কিছু ভবন; অনেক ভবনে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চোকো অঞ্চলের বনাঞ্চলে বসবাসকারী অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথ নেওয়ার কয়েক দিন পরই ভূমিকম্পটি আঘাত হানে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘরবাড়ি হারানো মানুষের জন্য অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মাঠপর্যায়ে কাজ করছে ন্যাশনাল কফি ফেডারেশন। সংস্থাটির প্রধান জার্মান বাহামোন জানিয়েছেন, কৃষিখামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরিয়ে যাচ্ছেন। বালতি হাতে হাতে এগিয়ে দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন।

সূত্র: রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com