ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ১২:৫২ পিএম

ছবি: -সংগৃহীত
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। মুক্তির আগেই সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আর এই গানেই রজনীকান্তের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন অভিনেত্রী শামনা কাসিম।
দক্ষিণ ভারতের জনপ্রিয় উৎসব ওনমের আবহে নির্মিত গানটির সংগীত ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গান প্রকাশের পর থেকেই এর সুর, পরিবেশনা ও নাচ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রজনীকান্ত ও শামনা কাসিমের পারফরম্যান্স নজর কেড়েছে।
কেরালার কান্নুরে জন্ম শামনা কাসিমের। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তেলুগু ও তামিল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
‘শ্রী মহালক্ষ্মী’, ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’, ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও অভিনয় করেছেন শামনা।
‘জেলার ২’-এ অবশ্য পুরো সিনেমাজুড়ে দেখা যাবে না তাকে। শুধু ‘আলা বোলেলো’ গানটিতে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। তবে এক গানেই রজনীকান্তের সঙ্গে তার নাচ দর্শকদের মধ্যে তাকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে।
সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত