ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ৭:২৫ পিএম

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে সরবরাহ কমে যেতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে সামিট এলএনজির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
পেট্রোবাংলা জানায়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ বন্ধের খবরকে গুজব উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত