নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ৭:১৮ পিএম

গাজীপুর মহানগরকে যানজট ও শব্দদূষণমুক্ত, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। পরিকল্পনার আওতায় গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে ‘জুলাই চত্বর’ পর্যন্ত এলাকাকে যানজট ও শব্দদূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় এ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত গাজীপুর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
শহরের যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণের জন্য ই-নিবন্ধন কার্যক্রম চালুর বিষয়ে সভায় আলোচনা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সিনিয়র সিটিজেন, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা গাজীপুর শহরের দীর্ঘদিনের যানজট ও নাগরিক দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যানজট কমাতে বিকল্প সড়ক ব্যবহারের ওপর জোর দেন।
বক্তারা বলেন, গাজীপুরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে যানজট ও শব্দদূষণমুক্ত নগর প্রতিষ্ঠা সম্ভব।
সভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া) মো. আরিফ হোসাইন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।
এ সময় শিক্ষক, সাংবাদিক, বিএনসিসি সদস্য, সংশ্লিষ্ট যানবাহন সমিতির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত