নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ৭:১৭ এএম

নেপালে আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৬ আগস্ট) দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামোর।
বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, সেখানে তিনি নিরাপদে আছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ফিরতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।’
তিনি জানান, গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সড়কপথে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শুক্রবারের ফ্লাইটে ঢাকা ফেরার কথা তাঁর।
অপু বলেন, ‘ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরব।’
নেপালের পরিস্থিতিতে নিজের জন্য উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত