ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৫৪ এএম

সংগৃহীত ছবি
ফ্যাশন আর প্রযুক্তির দুনিয়া যতই বদলাক, পুরোনো দিনের প্রতি মানুষের টান যেন থেকেই যায়। সেই নস্টালজিয়াকে এবার নতুন রূপ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ১৯৮০-এর দশকের আদলে ছবি তৈরির নতুন ট্রেন্ড।
এআইয়ের সাহায্যে বর্তমান সময়ের ছবিকে বদলে দেওয়া হচ্ছে আশির দশকের পোশাক, চুলের স্টাইল, মেকআপ ও আলোকচিত্রের আবহে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি তারকারাও এই ট্রেন্ডে মেতে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নস্টালজিয়ামাখা নানা ছবি।
তবে শুধু পোশাক বা চুলের স্টাইল বদলালেই হচ্ছে না। ছবির আলো, রঙ, ব্যাকগ্রাউন্ড এবং ক্যামেরার আবহও এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, যাতে ছবিটি দেখে মনে হয় সেটি সত্যিই চার দশক আগে তোলা।
যেভাবে বানাবেন ৮০-এর দশকের রেট্রো ছবি
এআই-নির্ভর ছবি তৈরির বিভিন্ন টুলে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করলেই শুরু করা যায়। এরপর নির্দিষ্ট নির্দেশনা দিলেই ছবিতে ফুটিয়ে তোলা যায় আশির দশকের আবহ।
নির্দেশনায় বলা যেতে পারে, ছবিটিকে ১৯৮০-এর দশকের বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করতে হবে। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রেখে দিতে হবে সে সময়ের উপযোগী পোশাক, চুলের স্টাইল ও মেকআপ।
এর সঙ্গে যোগ করা যেতে পারে পুরোনো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড, ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া এবং বাস্তবসম্মত ত্বকের টেক্সচার। ছবিটি যেন শুধু ভিনটেজ ফিল্টার দেওয়া আধুনিক ছবি না হয়ে সত্যিই ১৯৮০-এর দশকে তোলা মনে হয়—এ নির্দেশনাটিও গুরুত্বপূর্ণ।
আরও বাস্তবসম্মত ফল পেতে পোশাক, চুলের ধরন, ছবির স্থান, ক্যামেরার আবহ কিংবা আলোকসজ্জা সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া যায়।
একটি বর্তমান ছবিকে কয়েকটি নির্দেশনার মাধ্যমে চার দশক আগের স্মৃতির মতো করে তোলার এই প্রবণতা তাই শুধু প্রযুক্তির নতুন ব্যবহার নয়। অনেকের কাছে এটি পুরোনো সময়কে নতুন করে অনুভব করার সুযোগও।
কারও কাছে আশির দশক শৈশবের স্মৃতি, আবার কারও কাছে জন্মেরও আগের এক অচেনা সময়। এআইয়ের হাত ধরে সেই সময়ই এখন ফিরে আসছে ডিজিটাল ছবির ফ্রেমে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত