ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৪৭ এএম

প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি নিজেই।
‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি প্রকাশ করে মিমি ক্যাপশনে শুধু লেখেন, ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজের স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘সুপার হ্যাপি’।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প, চরিত্র কিংবা মুক্তির সময় নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা যায় তাকে।
দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার নতুন সিনেমায় মিমির যুক্ত হওয়ায় ‘তাণ্ডব’ ঘিরে টালিউডে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত