সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | ৬:৪৪ এএম

দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে এসে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ কয়েক হাজার মানুষ পুলিশের হাতে আটক হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আটক সাবেক মুখ্যমন্ত্রীরা হলেন—অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকার।

বিভিন্ন শহরে বিক্ষোভ, আটক শিক্ষার্থীরা

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মিছিল শুরুর আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নজরদারি ও আটকের ঘটনা ঘটে। সেখানে এক নারী আন্দোলনকারীকে আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চেন্নাইয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। চণ্ডীগড়ে আম আদমি পার্টি (আপ) ও অন্যান্য রাজনৈতিক দল প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করে।

কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি মিছিলের ডাক দিয়েছেন। পাটনা ও হায়দরাবাদেও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। দিল্লির ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলোও নিন্দা জানিয়েছে।

বিমানবন্দর থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তাঁর সহ-আহ্বায়কদেরও আটক করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের কয়েক মিনিটের মধ্যেই তাঁদের আটক করা হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ ঘিরে শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক অবস্থায় থানায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আটক ব্যক্তিদের মুক্তি না দিলে অনশন করবেন সোনম ওয়াংচুক

বিক্ষোভের ঘটনায় আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই শিক্ষাবিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন তিনি একটি বার্তা পোস্ট করেছিলেন। তখন কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি ‘অঘোষিত জরুরি অবস্থার’ মধ্যে পড়বে।

লাদাখের এই পরিবেশ আন্দোলনকর্মী বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এত নেতাকে একসঙ্গে দেখে তিনি খুশি হয়েছিলেন। কিন্তু পরে জানতে পেরেছেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক সবাইকে দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করে সোনম ওয়াংচুক বলেন, আগামীকালের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে তিনি অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করতে বাধ্য হবেন।

‘যা খুশি করুন, আমরা পিছু হটব না’: মোদিকে রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভ ও ধরপাকড়ের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’

রাহুল গান্ধী বলেন, ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এক দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন বলেও জানান তিনি।

রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তিনি বলেন, ‘আমরা তাঁদের ঘিরে ধরছি।’

বিক্ষোভকারীদের উদ্দেশে রাহুল গান্ধী আরও বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও তাঁরা পিছু হটবেন না।

তিনি বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com