নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | ১:০৬ এএম

লাইবেরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬, রোববার, সোমালিয়া ড্রাইভে কমিউনিটির উপদেষ্টা আরশ আলীর হোটেলে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
দুপুর ২টায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে বিকেল ৪টায় শুরু হয় আলোচনা সভা। এতে কমিউনিটির কার্যক্রম আরও গতিশীল করা, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির উপদেষ্টা জাকির হোসেন। দপ্তর ও প্রচার সম্পাদক রাজিবুল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মাহবুবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা রিনা ও অনু খন্দকার।
এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটির উপদেষ্টা মো. বাবুল, উপদেষ্টা আমির হোসেন বুলু, সহসভাপতি মো. সোলাইমান কবির, সহসভাপতি এহসান কবির সোহাগ এবং ধর্মবিষয়ক সম্পাদক শ্রী লিটন কুমার দাসসহ অন্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কমিউনিটির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জিয়াদ। এরপর গীতা পাঠ করেন দীপান্বিতা রাণী দাস।
প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার
আলোচনা সভায় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, আগামী তিন মাস পর অনুষ্ঠেয় সাধারণ সভা কমিউনিটির স্থায়ী কার্যালয়ে আয়োজনের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।
স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠায় গুরুত্ব
সভাপতি মাহবুবুর রহমান সরদার বক্তব্যের শুরুতে প্রয়াত রাকিব আলম, রাজিব হাওলাদার, আশিকুর রহমান ও বিশ্বজিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাকিব আলম এবং বর্তমানে জার্মানিতে অবস্থানরত রাকিব হাসানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
মাহবুবুর রহমান সরদার বলেন, কমিউনিটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, বর্তমানে লাইবেরিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের মধ্যে ১০৬ জন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার সদস্য হয়েছেন।
কমিউনিটির সদস্যদের নিজের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে সভাপতি বলেন, সদস্যদের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকবেন।
সভায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠাসহ ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
পরিশেষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মাহবুবুর রহমান সরদার।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত