ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | ৫:১৮ পিএম

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজন করা না হলে যৌথ আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর প্রস্তাব দিতে পারে দেশটির বিরোধী দল পিপি (পিপলস পার্টি)। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফাইনাল মরক্কোতে আয়োজন করা হলে বিশ্বকাপ আয়োজনে স্পেনের অংশ নেওয়া উচিত নয়।
স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নিয়ে তিন আয়োজক দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে।
স্পেনের সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে আয়োজক হিসেবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে দলটি।
সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে দেওয়া বক্তব্যে ফেইহো বলেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই আয়োজন করা উচিত। অন্যথায় বিশ্বকাপ আয়োজনে স্পেনের অংশ নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
পিপির দাবি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। পরে এর সঙ্গে যুক্ত হয় মরক্কো। তাই ফাইনাল স্পেনে আয়োজন করাকে ন্যায্য বলে মনে করছে দলটি।
ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়কে বিবেচনায় রাখা হয়েছে।
তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবের সঙ্গে একমত নয়। সংস্থাটির মতে, ফিফা, অন্য আয়োজক দেশ ও সরকারের সঙ্গে চুক্তি থাকায় আয়োজন থেকে সরে দাঁড়ানো সহজ হবে না। তবে ফাইনাল স্পেনে আয়োজনের দাবি অব্যাহত রেখেছে ফেডারেশন।
এদিকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যাচাই করতে স্পেনের বিভিন্ন শহর পরিদর্শন শুরু করেছে ফিফার প্রতিনিধিদল। স্টেডিয়াম, আবাসন, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ মাঠ ও পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করছেন তাঁরা। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে তিন আয়োজক দেশেই এই পরিদর্শন কার্যক্রম চলবে।
ফাইনাল আয়োজন নিয়ে রাজনৈতিক চাপ ও তিন দেশের প্রতিযোগিতার মধ্যে এখন সবার নজর ফিফার সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ কোন দেশে অনুষ্ঠিত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ফিফার চূড়ান্ত ঘোষণার জন্য।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত