নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৫:৫৬ পিএম

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। তবে এ ঘটনায় চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইগাতি থানা পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।
পুলিশের ধারণা, সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে আনা এসব মদ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এ ঘটনায় ঝিনাইগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত