সর্বশেষ
২৫ লাখ টাকার তদ্বিরে ধানমন্ডিতে বদলি ! কানুনগো আতাউল হকের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ তুরস্কে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ রিয়াদ বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১, আহত ১১ ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯, নিখোঁজ ৮৪ ব্রাহ্মণবাড়িয়ার দারুল ফিকরিল ইসলামী তাহফিজুল কুরআন মাদ্রাসায় নাবালক ছাত্র অনৈতিক কর্মকাণ্ডের শিকার, মা-বাবাকে হত্যার হুমকি, প্রতিকার পাবেকি? বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | ৩:৩৪ পিএম

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে জ্বালানি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বছরে সাশ্রয় হতে পারে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রদর্শনীতে গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে এর সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকরা।

১০ বছরের গবেষণায় মিলেছে সাফল্য

প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কুয়েটের গবেষকরা।

গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে জানান গবেষকরা।

পাইলট প্ল্যান্ট স্থাপনে প্রয়োজন ১২০ কোটি টাকা

প্রযুক্তিটির কার্যকারিতা ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করতে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে উৎপাদন ব্যয়, প্রযুক্তির কার্যকারিতা এবং বাণিজ্যিকভাবে সম্প্রসারণের সম্ভাবনা পরীক্ষা করা হবে।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন গবেষকরা।

বছরে সাশ্রয় হতে পারে ১৩ হাজার কোটি টাকা

গবেষকদের ধারণা, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপন করা যেতে পারে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে বৃহৎ পরিসরে প্রযুক্তিটির কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করতে হবে।

সংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট মোকাবিলা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com