ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | ৬:২৮ এএম

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মানিসার গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি উল্টে গেছে। এতে বাসটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল নীল রঙের বডি ব্যাগ। দুর্ঘটনায় উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহতরা তুরস্কের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান বলেন, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
এ দুর্ঘটনায় আবারও সড়কে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সামনে এসেছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত