নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ১২:৫৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্স ব্যবহার করে এসব সিরাপ ঢাকায় পাচার করা হচ্ছিল।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটিতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে অ্যাম্বুলেন্সের ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে সিরাপসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
আটকরা হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সকে পাচারের কাজে ব্যবহার করে অভিনব কৌশলে সিরাপগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিরাপসহ দুই যুবককে আটক করা হয়।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত