নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৩:২৫ পিএম

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৪ আগস্ট) সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি-৪৮ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
বিজিবির দাবি, টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পণ্য ফেলে পালিয়ে যায়। ফলে বিপুল পরিমাণ চোরাইপণ্য উদ্ধার হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে, গত দুই দিনেও সিলেট সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করা হয়েছিল। সেসব অভিযানেও কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত