ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১২:১০ পিএম

প্রতিকী ছবি
গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে দেশের প্রতিটি জেলায় সেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও চেয়ারম্যান নির্বাচন করবে সরকার। ভালো কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি ও পুরস্কারের মাধ্যমে অন্য ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে সই করেন বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।
পরিপত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমে উৎসাহজনক অর্জনকারী ইউনিয়ন পরিষদগুলোকে চিহ্নিত করে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও মানসম্মত ও কার্যকর হবে।
জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্য থেকে নির্ধারিত বিভিন্ন সূচক ও মানদণ্ডের ভিত্তিতে ‘সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ’ এবং ‘সেরা চেয়ারম্যান’ নির্বাচন করতে বলা হয়েছে।
সেরা নির্বাচনের ক্ষেত্রে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা, নারী আবেদনকারীর সংখ্যা, মামলা নিষ্পত্তির হার, সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, ফি ও জরিমানা আদায়ে বিধিবিধান অনুসরণ এবং গ্রাম আদালতের জন্য বরাদ্দ বিশেষ ফান্ড বা অনুদানের যথাযথ ব্যবহার বিবেচনা করা হবে।
এ ছাড়া মামলা ও বিরোধ নিষ্পত্তির নথি সংরক্ষণ, লিখিত তথ্য ব্যবস্থাপনা এবং গ্রাম আদালত পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষতাকেও মূল্যায়নের আওতায় রাখা হবে।
পরিপত্রে গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তাকারী ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাসিক সম্মানী ও যাতায়াত ভাতা বাড়ানোর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসকের কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত