ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৫৯ এএম

ফাইল ছবি
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝাংঝৌ শহরের ঝাংপু কাউন্টির উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।
ফুচিয়ান প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে টাইফুনটি স্থলভাগে আঘাত হানে। এ সময় এর কেন্দ্রের কাছে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার।
এর আগে গত ২৮ আগস্ট পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে ‘সাউতেল’। পরে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ফুচিয়ানের দিকে চলে আসে এবং বৃহস্পতিবার তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানে।
টাইফুনের প্রভাবে ফুচিয়ানসহ আশপাশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
ফুচিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত প্রদেশটিতে ৮৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝাংঝৌসহ বিভিন্ন এলাকায় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। একই সময়ে বেশ কয়েকটি সড়ক বন্ধ এবং শত শত পরিবহনসেবা স্থগিত করা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র ‘সাউতেল’ নিয়ে নীল সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
সূত্র: জিনহুয়া



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত