ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তবে তারা কোথায় হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
নিহত তিন পাইলট হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
তবে নিহত হওয়ার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন।
গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এতে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্তির অবসান ঘটে।
এরপর ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান।
বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত