নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১২:১৬ পিএম

সংগৃহীত ছবি
নদীর বুকে লঞ্চ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি। আর সেই লঞ্চের সাধারণ যাত্রীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ঢাকা থেকে নদীপথে বরিশাল যাওয়ার পথে কখনো যাত্রীদের সঙ্গে বসে খাবার খেয়েছেন, কখনো চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করেছেন। পাশাপাশি উপভোগ করেছেন দক্ষিণাঞ্চলের নদী ও প্রকৃতির সৌন্দর্য।
রোববার (৯ আগস্ট) নদীপথে লঞ্চে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন মার্কিন রাষ্ট্রদূত। পথে লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটান এবং ছবি তোলেন তিনি।
রাষ্ট্রদূতের লঞ্চযাত্রার বেশ কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাকে লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় বিভিন্ন খাবার খেতে দেখা যায়। টেবিলে ছিল ভাত, মাছ, সবজি ও অন্যান্য খাবার। তার সঙ্গে থাকা বিদেশি অতিথিরাও খাবারে অংশ নেন।
আরেকটি ছবিতে লঞ্চের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে দেখা যায় তাকে। এ সময় দোকানের কর্মী ও যাত্রীদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
অন্য একটি ছবিতে সাধারণ যাত্রীদের সঙ্গে লঞ্চের ভেতরে বসে সময় কাটাতে দেখা যায় ক্রিস্টেনসেনকে। যাত্রীদের অনেকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করছিলেন। তাদের পাশেই বসে হাসিমুখে ছবি তোলেন তিনি।
লঞ্চের ডেকেও সময় কাটান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে বিস্তীর্ণ নদীর জলরাশি ও আশপাশের জনপদের দৃশ্য উপভোগ করেন তিনি। নদীপথের প্রাকৃতিক সৌন্দর্য তার ভ্রমণে যোগ করে ভিন্ন মাত্রা।
নিজের অভিজ্ঞতা জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।’
বরিশালে পৌঁছে রোববারের কর্মসূচির অংশ হিসেবে নদীবন্দর থেকে দেশের অন্যতম বৃহৎ ও শতবর্ষী ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কীর্তিপাশা খাল এবং স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকায় অবস্থিত ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন তিনি।
সেখানে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ, ভাসমান বাজারের কার্যক্রম এবং স্থানীয় কৃষকদের জীবন-জীবিকা সম্পর্কে ধারণা নেওয়ার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। এ সময় পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তিনি।
বিকেলে বরিশাল নগরীতে ফিরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রদূতের নদীপথের এই সফর ঘিরে বরিশালের মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে সাধারণ যাত্রীদের সঙ্গে সময় কাটানো, দেশীয় খাবার খাওয়া, চা পান এবং নদীর সৌন্দর্য উপভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলছে আলোচনা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত