ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৩ এএম

সংগৃহীত ছবি
ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যৌথ নৌপথ চালুর বিষয়ে সমঝোতা হতে যাচ্ছে। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে সমঝোতা সই হলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে—এমনটি নয় বলে জানিয়েছে ইরানি একটি সূত্র।
ইরানি আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে, তেহরান ও মাসকটের মধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা মূলত হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর কাঠামো নির্ধারণ করেছে। এটি প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়।
সূত্রটি জানায়, কয়েক দফা কারিগরি ও কূটনৈতিক আলোচনার পর আগস্টের শেষ দিকে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাটি চূড়ান্ত হয়। আসন্ন বৈঠকে পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশগুলো ও ইরাককে নির্ধারিত নৌপথ, ট্রানজিট ব্যবস্থা ও অন্যান্য বিষয় সম্পর্কে জানানো হবে।
সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনায় নতুন প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে। পারস্য উপসাগরে প্রবেশের পথটি পুরোপুরি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। বহির্গমন পথের একটি অংশও ইরানের জলসীমার আওতায় পড়বে।
এসব পথে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত প্রোটোকল ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে। সূত্রের দাবি, এতে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব আরও স্পষ্ট হবে।
তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ দিকের যে নৌপথ খুলে দেওয়ার দাবি উঠেছিল, সেটি এ ব্যবস্থায় বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সূত্রটি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান এখনই হরমুজ প্রণালি খুলছে না। তাসনিমের সূত্র জানিয়েছে, প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে।
ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদিত এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে দাবি করেছে সূত্রটি।
সূত্রের ভাষ্য, ইরান-ওমানের সমঝোতার অর্থ হলো—ভবিষ্যতে হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে কোন ব্যবস্থা ও নৌপথের মাধ্যমে জাহাজ চলাচল করবে, তার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে প্রণালি কবে খুলবে, তা নির্ভর করছে ইরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত