সর্বশেষ
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন? সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪১ এএম

জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম

সংগৃহীত ছবি

দীর্ঘ সংগ্রাম, শারীরিক জটিলতা আর অনিশ্চয়তার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা লেনা ডানহাম। সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে স্বামী লুইস ফেলবারের সঙ্গে প্রথম কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন ‘গার্লস’খ্যাত এই তারকা।

বুধবার ‘ভোগ’ ম্যাগাজিনে প্রকাশিত এক লেখায় মাতৃত্বের অভিজ্ঞতা ও দীর্ঘ পথচলার কথা তুলে ধরেছেন ডানহাম। সন্তানকে স্বাগত জানানোর আনন্দকে তিনি বর্ণনা করেছেন ‘অপার্থিব’ অনুভূতি হিসেবে।

বর্তমানে ৪০ বছর বয়সী ডানহামের জীবনে মাতৃত্বের পথ কখনোই সহজ ছিল না। মাত্র ৩১ বছর বয়সে শারীরিক জটিলতার কারণে তার জরায়ু অপসারণ করতে হয়। দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগেছেন তিনি। জরায়ু অপসারণের পর স্বাভাবিকভাবে মা হওয়ার সম্ভাবনা হারিয়ে গভীর মানসিক সংকটের মধ্যেও পড়েছিলেন।

তবে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা থামেনি। কখনো দত্তক নেওয়ার কথা ভেবেছেন, আবার কখনো সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার চেষ্টা করেছেন। করোনাকালেও নিজের ডিম্বাণু সংগ্রহের যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে।

ভোগে প্রকাশিত লেখায় সারোগেট মায়ের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও জানিয়েছেন ডানহাম। তার ভাষ্য, কফির আড্ডা থেকে শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই তারা এমন এক যাত্রায় যুক্ত হন, যার পরিণতিতে পূরণ হয় তার বহুদিনের মাতৃত্বের স্বপ্ন।

কন্যাসন্তানের জন্মমুহূর্তের বর্ণনাও দিয়েছেন তিনি। ডানহামের দাবি, নির্ধারিত সময়ের ১৩ দিন পর সূর্যগ্রহণ ও উল্কাপাতের আবহে পৃথিবীতে আসে তার মেয়ে।

হাসপাতালে সন্তানের প্রথম কান্না শোনার মুহূর্তটি ছিল তার জন্য অবিস্মরণীয়। শিশুটিকে প্রথমবার দেখার অনুভূতি বর্ণনা করতে গিয়ে ডানহাম জানান, নবজাতকটিও যেন পৃথিবীর আলো-ছায়া চিনে নিতে প্রথমবারের মতো চোখ মেলছিল এবং শ্বাস নেওয়ার চেষ্টা করছিল।

মাতৃত্বের এই যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে কথা বলে আসছেন ডানহাম। ২০২৫ সালের জুনে ‘দ্য টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ও তার স্বামী নতুন একটি উপায়ে পরিবার বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে তখন বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ২০২০ সালে ‘হার্পারস ম্যাগাজিন’-এ লেখা এক নিবন্ধে ডানহাম জানিয়েছিলেন, নিজে গর্ভধারণ করে মা হতে পারবেন না—এই বাস্তবতা মেনে নেওয়াই ছিল তার জন্য বড় এক মানসিক পরিবর্তন। একই সঙ্গে তিনি উপলব্ধি করেছিলেন, অভিভাবক হওয়ার পথ শুধু গর্ভধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়।

অবশেষে দীর্ঘ অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানকে স্বাগত জানালেন লেনা ডানহাম। তার জীবনে শুরু হলো মাতৃত্বের নতুন অধ্যায়।

সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com