ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৭:১৩ এএম

সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বক্তব্য দেওয়া একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিন সদস্যের ওই কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
এর আগে প্রশাসনিক কারণে গত বৃহস্পতিবার রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।
রাকিবুল হাসান ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে।
অডিওতে তাকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।’
অডিওতে আরও তাকে বলতে শোনা যায়, ‘আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলে এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না।’
এ ছাড়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে। তিনি বলেন, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না।’
অডিওতে আরও বলা হয়, ‘এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা…, নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’
অডিওটি আসল কি না, বক্তব্যের প্রেক্ষাপট কী এবং এতে কোনো আচরণবিধি বা বিভাগীয় বিধি লঙ্ঘন হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত