নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৪৩ পিএম

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদিত ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ফ্যামিলি বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া মোবাইল পার্টস বিক্রয়ের অপরাধে চায়না বাংলা ট্রেডিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে তারা।
অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত