গাজায় ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা শতাধিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২৭ পিএম

গাজায় ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা শতাধিক

সংগৃহীত ছবি

গাজা শহরে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজা শহরে এ ভবন ধসের ঘটনা ঘটে।

গাজা সিভিল ডিফেন্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে। আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।

আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে শিশু ও অন্যান্য জীবিত ব্যক্তিকে বের করে আনছেন। উদ্ধার হওয়া কয়েকজনের মধ্যে শ্বাসকষ্টে ভোগা শিশুও ছিল। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য শিশুদের চিৎকার শোনা যাচ্ছিল।

প্রয়োজনীয় ভারী সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় সেটি ধসে যায়।

যুদ্ধের কারণে গাজাজুড়ে হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। নির্মাণসামগ্রী ও ভারী উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ থাকায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে সংকট আরও বাড়ছে।

মাহমুদ বাসালের ভাষ্য, নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনেই থাকতে বাধ্য হচ্ছেন। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও তাঁবুর অভাবে তাদের সামনে বিকল্প থাকার ব্যবস্থাও সীমিত।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com