বিশ্বকাপে যেতে না পারা বেনিনই মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:১৭ পিএম

বিশ্বকাপে যেতে না পারা বেনিনই মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

সংগৃহীত ছবি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আফ্রিকার দেশ বেনিন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির বিদায়ী ম্যাচ।

গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হওয়ার কথা থাকলেও দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ অক্টোবর একই শহরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব। ওই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে মেসিকেও।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৩তম অবস্থানে থাকা বেনিন এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছেছিল দলটি।

বাছাইপর্বের ‘সি’ গ্রুপে শেষ ম্যাচের আগে শীর্ষে উঠে এসেছিল বেনিন। নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায় বেনিন।

অন্যদিকে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে দক্ষিণ আফ্রিকা। ফলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। দ্বিতীয় হয়ে আফ্রিকান প্লেঅফে যায় নাইজেরিয়া। আর তৃতীয় হয়ে বাছাইপর্ব শেষ করে বেনিন।

বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ না হলেও এবার মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচের প্রতিপক্ষ হওয়ার সুযোগ পেয়েছে বেনিন। আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে ম্যাচটি তাই দলটির জন্যও নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com