নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ৪:০৫ পিএম

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।
দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত