কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬ | ২:৩৭ পিএম

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অর্জিত উন্নয়ন অগ্রগতি টেকসই রাখতে বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) প্রতিশ্রুতি পূরণ এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত চৌধুরী উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত