নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১১:৩৫ এএম

ভারতের মহারাষ্ট্রে দামি আইফোনের কিস্তির টাকা পরিশোধ নিয়ে পারিবারিক বিরোধের জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছেলেকে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করতে গিয়ে বাবা ও ছেলে খাদে পড়ে মারা যান। পরে স্বামী ও সন্তানকে খাদে পড়ে যেতে দেখে মাও পাহাড় থেকে ঝাঁপ দেন। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ১৯ বছর বয়সী কুনাল, তার বাবা মুরলিধর চন্দগুড়ে ও মা সঙ্গীতা।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুনাল সম্প্রতি একটি দামি মুঠোফোন কিনেছিলেন। এর কিস্তির টাকা পরিশোধের জন্য তিনি পরিবারের কাছে অর্থ চাইছিলেন। সর্বশেষ কিস্তি দেওয়া নিয়ে বাবার সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁওয়ের একটি পাহাড়ে উঠে যান কুনাল।
ছেলের এমন অবস্থার খবর পেয়ে বাবা-মা সেখানে ছুটে যান। স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে পাহাড়ের কিনারা থেকে সরে আসতে বোঝানোর চেষ্টা করা হয়। স্থানীয় সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদবও তাকে বোঝানোর চেষ্টা করেন। এমনকি নতুন মুঠোফোন কিনে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু কোনো কথাতেই রাজি হননি কুনাল।
পুলিশ জানায়, একপর্যায়ে কুনালের বাবা মুরলিধর তাকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করেন। ছেলেকে টেনে নামানোর সময় দুজনেই ভারসাম্য হারিয়ে পাহাড়ের নিচের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্বামী ও সন্তানকে খাদে পড়ে যেতে দেখে কিছুক্ষণ পর সঙ্গীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন। পরে তারও মৃত্যু হয়। একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কুনালকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকতে এবং স্থানীয়দের তাকে ফিরে আসার অনুরোধ করতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত