ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি
দেউলিয়া হয়ে ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পর্তুগালের ক্লাব এস্ত্রেলা দা অ্যামাদোরা এখন খেলছে দেশটির শীর্ষ ফুটবল লিগে। ক্লাবটির পুনর্জাগরণের গল্পে এবার যোগ হয়েছে নতুন অধ্যায়। তিন বিশ্বকাপজয়ী তারকাসহ চার ফুটবলার মিলে কিনে নিয়েছেন ক্লাবটির ৯০ শতাংশ শেয়ার।
আন্তর্জাতিক কনসোর্টিয়ামে রয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য টমাস মুলার ও ম্যাটস হুমেলস, ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী লুকাস এরনঁদেজ এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমের।
মঙ্গলবার এস্ত্রেলা দা অ্যামাদোরা জানিয়েছে, সাবেক মালিক ও সভাপতি পাউলো লোপোর কাছ থেকে ৪ কোটি ইউরোতে ৯০ শতাংশ শেয়ার কিনেছে কনসোর্টিয়ামটি। অথচ ২০২০ সালে মাত্র ৭২ হাজার ইউরোতে ক্লাবটি কিনেছিলেন লোপো।
কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে ‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপ। তাদের সঙ্গে বিনিয়োগে যুক্ত আছে ‘কেআই’ গ্রুপও।
চার ফুটবলারের মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিখের যোগসূত্র। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সবাই জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন। মুলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার হোয়াইটক্যাপসে এবং এরনঁদেজ খেলছেন পিএসজিতে।
হুমেলস ২০২৫ সালে অবসর নেওয়ার আগে বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ডে দুই দফায় মোট ১৮ বছর খেলেছেন। পরে রোমায় এক মৌসুম কাটিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান। অন্যদিকে, সমের বায়ার্ন ও ইন্টার মিলানের হয়ে খেলার পর বর্তমানে ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এস্ত্রেলা দা অ্যামাদোরা ২০১১ সালে দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে ক্লাবটি। তৃতীয় বিভাগ থেকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে দ্রুত সাফল্য পেয়ে ২০২৩ সালে পর্তুগালের শীর্ষ লিগে জায়গা করে নেয় তারা।
চার তারকা ফুটবলারের মালিকানায় এবার আরও বড় স্বপ্ন দেখছে লিসবনের উপকণ্ঠের ক্লাবটি।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত