ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৭ এএম

সংগৃহীত ছবি
প্লাস্টিক বর্জ্য, শেওলা ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়েছিল নদী। প্রশাসনের অপেক্ষায় না থেকে সেই নদী নিজের হাতে পরিষ্কার করার উদ্যোগ নেন ভারতের মধ্যপ্রদেশের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের উদ্যোগ এখন দেশ-বিদেশে প্রশংসিত। এমনকি তার কাজ দেখে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ তাকে চাকরির প্রস্তাব দিয়েছে।
মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়োরা শহরের বাসিন্দা সুরেন্দ্র বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় আজনার নদীর তীরে প্লাস্টিকের স্তূপ, শেওলা, কাদা ও দুর্গন্ধ দেখে নদীটি পরিষ্কারের সিদ্ধান্ত নেন তিনি। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে শুরু হয় তার এই অভিযান।
প্রথম দিকে কয়েকজন বন্ধু সঙ্গে থাকলেও পরে প্রায় একাই নদী পরিষ্কারের কাজ চালিয়ে যান বিট্টু। সাঁতার না জানা সত্ত্বেও কোনো পেশাদার সরঞ্জাম বা নিরাপত্তাসামগ্রী ছাড়াই সাধারণ দেশীয় উপকরণ ব্যবহার করে নদী থেকে বিপুল পরিমাণ বর্জ্য তুলে আনেন তিনি।
নদী পরিষ্কারের সরঞ্জাম কিনতে নিজের জমানো অর্থও খরচ করেন বিট্টু। দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে গিয়ে হাত-পায়ে সংক্রমণ ও ত্বকের সমস্যায় ভুগেছেন তিনি। এমনকি কাজের সময় একাধিকবার বিষাক্ত সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে।
বিট্টুর নদী পরিষ্কারের কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। নদীর আগের ও পরের চিত্র দেখে মুগ্ধ হন ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বয়া সেন স্ল্যাট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিট্টুর কাজের একটি পোস্ট রিটুইট করে তাকে নিজেদের সঙ্গে কাজ করার আহ্বান জানান বয়া। তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘এসো, আমাদের সঙ্গে কাজ করো।’
বিট্টুর এই উদ্যোগের খবর পৌঁছেছে মধ্যপ্রদেশের প্রশাসনের কাছেও। তার কাজের প্রশংসা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাকে মুখ্যমন্ত্রী ভবনে আমন্ত্রণ জানান। শুক্রবার রাতে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় মুখ্যমন্ত্রী বিট্টুর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সাধারণ পরিবারের এই তরুণের একক প্রচেষ্টা এখন শুধু একটি নদী পরিষ্কারের গল্প নয়; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতারও অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত