রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, জারি বিমান হামলার সতর্কতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫০ পিএম

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, জারি বিমান হামলার সতর্কতা

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ আগে রাজধানীসহ দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এতে তাদের এলাকা ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির’ মধ্যে রয়েছে জানিয়ে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান এএফপির সাংবাদিকরা। প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নেয়।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে সৌদি আরবেও উত্তেজনা বেড়েছে। জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এবারই প্রথম সৌদি রাজধানী রিয়াদে এর সরাসরি প্রভাব পড়ল।

হুতিরা চলতি মাসে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে।

হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর বাব আল-মান্দাব দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে পাঁচটি সৌদি তেলবাহী জাহাজ ওই পথ ব্যবহার করেছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে। এতে দেশটির চলমান মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ, এএফপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com